Wednesday, May 20, 2009

সিপাহীবাগে ২ বোন খুন

রাজধানীর সিপাহীবাগ এলাকায় মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন দু'বোন। গতকাল সকাল সাতটায় সিপাহীবাগের ২৯৯/৩ নম্বরের বাসার তেতলার ফ্ল্যাট থেকে গামেন্টস কর্মী হালিমা (২৫) ও শান্তা (১৯) নামের দু'বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিটন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের হামলায় বৃষ্টি (১৯) নামে একই ফ্ল্যাটের পাশের রুমের আরেক যুবতী গুরুতর আহত হয়। বৃষ্টি জানায়, সোমবার রাত ১০টায় ওই রুমে গিয়ে দেখতে পান এক যুবক বসে আছে। হালিমা জানায়, বসে থাকা যুবক তার মামাতো ভাই সেলিম। তাকে প্রথম দেখাতেই বখাটে মনে হয়েছে। সেখানে দু'ঘণ্টা আড্ডা দেয়ার পর রাত ১২টায় নিজের রম্নমে ঘুমাতে যাই। রাত সাড়ে তিনটায় হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে পাশের রুমে গিয়ে দেখতে পাই মেঝের ওপর গলা কাটা দু'বোনের লাশ পড়ে আছে। আমি দেখে ফেলায় সেলিম আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। দু'হাত বেঁধে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে দৌড় দিয়ে চার তলায় বাড়ির মালিকের দরজার সামনে গিয়ে আছড়ে পড়ি। মালিকের ছেলে ফারুককে পুরো বিষয়টি জানাই। তিনি খিলগাঁও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখান থেকে দু'বোনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খিলগাঁও থানার এস আই মোহাম্মদ আলী জানান, খুনের আসল রহস্য জানা যায়নি। প্রাথমিক তদন্তে খুনের মোটিভ সম্পর্কে কয়েকটি তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাড়ির মালিক আবদুর রশিদ জানান, এপ্রিল মাসে তারা ওই ফ্ল্যাটটি সাড়ে তিন হাজার টাকায় ভাড়া নেন। দু' বোন মালিবাগের ড্রিমল্যান্ড গার্মেন্টসে চাকরি করতেন। হালিমার সহকর্মী বিলকিস সুলতানা জানান, হালিমা বিবাহিতা। দু' মাস আগে চার বছরের দাম্পত্য সম্পর্ক তালাকের মাধ্যমে শেষ হয়। শান্তা তারই চাচাতো বোন। মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া যু্বক লিটনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শিগগিরই এ খুনের ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment